ইডেন পার্কে ‘কিং’ ঝড়, ৭৮ তম অর্ধ সেঞ্চুরি বিরাটের

Share:

ব্যুরো নিউজ, ৪ নভেম্বর ২০২৬: বয়স যে তাঁর কাছে নিছকই একটা সংখ্যা, আরও একবার তা প্রমাণ করলেন বিরাট কোহলি। ৩৭ বছর বয়সেও ব্যাট হাতে তাঁর দাপট অব্যাহত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতেই নতুন মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় তারকা। তাঁর দুরন্ত ৭৪ রানের ইনিংসের সৌজন্যে কিউয়িদের বিরুদ্ধে জয় দিয়ে সিরিজ শুরু করল ভারত। প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৮৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

অকল্যান্ডের ইডেন পার্কে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। অধিনায়কের সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ভারতীয় বোলাররা। শুরু থেকেই আগুনে মেজাজে বল করতে থাকেন অর্শদীপ সিং ও গুর্নুর ব্রার। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। অর্শদীপের বলে মাত্র ৯ রানে ফেরেন উইল ইয়ং। এরপর হেনরি নিকোলসকেও সাজঘরে ফেরান তিনি। সব মিলিয়ে চারটি উইকেট তুলে নেন অর্শদীপ।

অন্যদিকে, দুরন্ত বোলিংয়ের পাশাপাশি নজর কাড়েন গুর্নুর ব্রারও। বিশেষ করে নিজের বলে টম ল্যাথামের ক্যাচ ধরে প্রশংসা কুড়োন তিনি। তাঁর ঝুলিতে তিনটি উইকেট। এছাড়া অংশুল কাম্বোজের শিকার দুই উইকেট। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন টিম সেইফার্ট। ৪৩ বলে ৩৮ রান করেন তিনি। গ্লেন ফিলিপসের সংগ্রহ ৩০ এবং ড্যারিল মিচেলের ২৮ রান। শেষদিকে ব্লেয়ার টিকনারের ২৩ বলে ঝোড়ো ৩৪ রানের ইনিংস কিছুটা লড়াইয়ে ফেরায় কিউয়িদের। তবুও ৪০.২ ওভারেই ১৮৫ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা। এরপর অধিনায়ক শুভমান গিলের সঙ্গে দলের হাল ধরেন বিরাট কোহলি। আর সেখান থেকেই শুরু হয় তাঁর রেকর্ড গড়ার পালা। ওয়ানডে ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৭ বছরের এই তারকা। এই নজির গড়তে তাঁর প্রয়োজন ছিল মাত্র ১২ রান। ম্যাচের ১৩তম বলে কাইল জেমিসনের ডেলিভারি লং লেগের দিকে ঠেলে এক রান নিয়েই ইতিহাসের পাতায় নাম লেখান কোহলি।

ওয়ানডেতে তিন নম্বরে ব্যাট করে ১৩ হাজার রানের গণ্ডি পেরনো বিশ্বের প্রথম ব্যাটার তিনি। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। তাঁর সংগ্রহ ১২,৬৬২ রান। তৃতীয় স্থানে কুমার সঙ্গকারা (৯,৭৪৭), চতুর্থ জ্যাক কালিস (৭,৭৭৪) এবং পঞ্চম স্থানে কেন উইলিয়ামসন (৬,৫০৪)। অর্থাৎ, কোহলি ছাড়া এই তালিকার আর কোনও ব্যাটার ১০ হাজার রানের মাইলফলকও স্পর্শ করতে পারেননি।

 

মাত্র ২৫১টি ইনিংসেই এই অনন্য নজির গড়েছেন কোহলি। তিন নম্বরে ব্যাট করে তাঁর গড় ৬১-এরও বেশি। রয়েছে ৪৮টি শতরান এবং ৭০টি অর্ধশতরান। নিউজিল্যান্ডের মাটিতেও বরাবরই সফল ভারতীয় তারকা। ম্যাচের আগে সেখানে ১৩টি ওয়ানডে খেলে তাঁর সংগ্রহ ছিল ৫৯০ রান। গড় প্রায় ৫০। ছিল একটি শতরান ও চারটি অর্ধশতরান।

 

এদিন বৃষ্টির কারণে অন্তত দু’বার খেলা বন্ধ রাখতে হয়। শেষ পর্যন্ত ভারতের জয়ের লক্ষ্য কমে দাঁড়ায় ১৪৩ রানে। সেই লক্ষ্য পূরণ করতে বিশেষ বেগ পেতে হয়নি মেন ইন ব্লুকে। কোহলি শেষ পর্যন্ত ৫১ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও একটি ছক্কায়।

সব মিলিয়ে একদিকে দলের জয়, অন্যদিকে ব্যক্তিগত রেকর্ড—দুই ক্ষেত্রেই স্মরণীয় হয়ে থাকল বিরাট কোহলির এই ইনিংস। তবে বৃষ্টির কারণে খেলার লক্ষ্য কমে যাওয়ায় শতরান থেকে বঞ্চিত হলেন ভারতীয় তারকা। কোহলির অনুরাগীদের আক্ষেপ, ম্যাচের পরিস্থিতি অন্যরকম হলে হয়তো আরও একবার তিন অঙ্কের ঘরে পৌঁছে যেতে পারতেন তাঁদের প্রিয় ‘কিং কোহলি’।

সম্পর্কিত খবর