ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং অর্ডারে বড় রদবদলের ইঙ্গিত দিলেন প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান কোচ গৌতম গম্ভীর। ২০২৭ সালের বিশ্বকাপকে সামনে রেখে তিনি বিরাট কোহলিকে তিন নম্বর থেকে সরিয়ে চার নম্বরে এবং লোকেশ রাহুলকে তিন নম্বরে খেলানোর পরিকল্পনা করছেন। গত কয়েক বছর ধরে ওডিআই ফরম্যাটে লোকেশ রাহুল দুরন্ত ছন্দে রয়েছেন। বিরাট কোহলি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যান তাঁর মতো ধারাবাহিকভাবে রান করেননি। ফিনিশার হিসেবেও রাহুল নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন, যা দলের মিডল অর্ডারে স্থিতিশীলতা এনেছে।
সূত্রের খবর অনুযায়ী, ২০২৭ সালের বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ দক্ষিণ আফ্রিকার পিচে আয়োজিত হবে, যেখানে বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন। এই পরিস্থিতিতে ফর্মে থাকা রাহুলকে তিন নম্বরে নামিয়ে বিপক্ষকে চাপে ফেলার কৌশল নিচ্ছেন গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন অ্যাওয়ে সিরিজ থেকেই এই রণনীতি প্রয়োগ করা হতে পারে বলে জানা গেছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে বিরাট কোহলিকে চার নম্বরে ব্যাট করতে দেখা যাবে।
পরিসংখ্যান অনুযায়ী, চার নম্বরে কোহলির রেকর্ড বেশ ভালো। এই পজিশনে তিনি ৩৯টি ম্যাচে ১৭৬৭ রান করেছেন, যেখানে তাঁর ব্যাটিং গড় ৫৫.২১ এবং স্ট্রাইক রেট ৯০.৬৬। তাঁর ঝুলিতে রয়েছে ৭টি শতরান ও ৮টি অর্ধশতরান। সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার পাঁচ নম্বরে এবং ফিনিশার হিসেবে ঈশান কিষাণ ছয় নম্বরে ব্যাট করবেন। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া সাত নম্বরে থাকবেন। শুভমান গিলের নেতৃত্বে এই দলই ২০২৭ বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামতে পারে বলে মনে করা হচ্ছে। এই নতুন রণনীতি ভারতীয় দলের জন্য কতটা ফলপ্রসূ হয়, সেটাই এখন দেখার বিষয়।








