ব্যুরো নিউজ, ১৯ জুলাই ২০২৬ঃ ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি স্পেন ও আর্জেন্তিনা। এই মহারণের কেন্দ্রবিন্দুতে সেই একজন—লিওনেল মেসি। জাদুকরকে পুরোপুরি আটকে রাখা যায় না, মেগা ফাইনালের আগে অমোঘ সত্যিটাই মনে করিয়ে দিচ্ছেন আন্দ্রেস ইনিয়েস্তা। বার্সেলোনার প্রাক্তন সতীর্থকে নিয়ে স্প্যানিশ আর্মাডাকে কড়া সতর্কবার্তা দিলেন ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালের নায়ক। তাঁর মতে, মেসিকে পুরোপুরি নিষ্ক্রিয় করার চেষ্টা নেহাতই বোকামি।
স্প্যানিশ সংবাদমাধ্যমকে ইনিয়েস্তা বলেন, “ওকে পুরোপুরি আটকে রাখা অসম্ভব। বরং, স্পেনের উচিত নিজেদের খেলায় মন দেওয়া।” অন্যদিকে, মাঠের বাইরে যখন ইনিয়েস্তার সতর্কবার্তা, তখন মাঠের ভেতরে অভিনব ছক কষছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে। বিশ্বফুটবলে মেসিকে আটকানোর সবচেয়ে জনপ্রিয় কৌশল হল ‘ম্যান-মার্কিং’। কিন্তু মেগা ফাইনালে এই পথে হাঁটবেন না স্প্যানিশ হেডস্যার। কারণটা লুকিয়ে রয়েছে অতীতে। সাংবাদিক বৈঠকে সেই পুরনো ‘ট্রমা’র কথা তুলে ধরেন তিনি।
যুব কোপা দেল রে-তে সেভিয়া বনাম বার্সেলোনা ম্যাচের ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী দে লা ফুয়েন্তের বক্তব্য, “আমরা প্রথমে ওকে ম্যান-মার্ক করার সিদ্ধান্ত নিই। ৭০ মিনিট পর্যন্ত স্কোর ছিল ০-০। এরপর যে প্লেয়ারটা ওকে মার্ক করছিল, সে কার্ড দেখায় আমি তাকে তুলে নিই। পরের ১৫ মিনিটে মেসি একাই চার গোল করে!” এই তিক্ত অভিজ্ঞতা থেকেই শিক্ষা নিয়েছেন তিনি। কোচের সাফ কথা, “এর মানে কি আমরা ওকে ম্যান-মার্ক করব? না। তবে ওর দিকে কড়া নজর তো থাকবেই।” চলতি টুর্নামেন্টে ইতিমধ্যে ৮টি গোল ও ৪টি অ্যাসিস্ট করে আগুনে ফর্মে এলএমটেন। এই দ্বৈরথ যে এক মহাকাব্যিক রূপ পেতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।








