দীপাবলির উপহার! ওড়িশা ম্যাচের জন্য মোহনবাগান সমর্থকদের বিনামূল্যে দুটি টিকিট

মোহনবাগান সমর্থকদের জন্য দারুণ খবর। ওড়িশা ম্যাচের জন্য বিনামূল্যে দুটি করে টিকিট দিচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার ক্লাব।

Share:

ব্যুরো নিউজ, ১ নভেম্বর ২০২৬: উৎসবের মরশুমে মোহনবাগান সমর্থকদের জন্য এক দারুণ খবর। আসন্ন ওড়িশা এফসির বিরুদ্ধে হোম ম্যাচের জন্য বিনামূল্যে দুটি করে টিকিট দেওয়ার ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা।

আইএসএলয়ের এই মরসুমে দল ইতিমধ্যেই তিন ম্যাচে টানা জয় তুলে লিগ শীর্ষে উঠে এসেছে। এই সাফল্যের পর সমর্থকদের ধন্যবাদ জানাতেই এই বিশেষ উদ্যোগ। ৫ই নভেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে ওড়িশা এফসির মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্টস। পাঞ্জাব এফসিকে শেষ ম্যাচে হারানোর পর ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে দল। দলের পারফরম্যান্সে খুশি সমর্থকরাও মাঠে এসে দলকে সমর্থন জুগিয়েছেন। তাদের এই সমর্থনের প্রতিদান দিতেই সঞ্জীব গোয়েঙ্কা এই সিদ্ধান্ত নিয়েছেন।

মোহনবাগানের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ‘দীপাবলি হল আনন্দ ছড়িয়ে দেওয়ার উৎসব। এই মরসুমে আমরা প্রিয় সমর্থকদের জন্য একটি বিশেষ উপহার নিয়ে এসেছি। প্রত্যেক সমর্থক ওড়িশা এফসির বিরুদ্ধে হোম ম্যাচের ২টি করে টিকিট বিনামূল্যে পাবেন।’ এই ঘোষণায় স্বভাবতই উচ্ছ্বসিত মোহনবাগান সমর্থকরা। আশা করা হচ্ছে, এই বিশেষ উপহারের ফলে যুবভারতীতে দর্শকদের ভিড় আরও বাড়বে।