আমেরিকার ভিসা না পেয়ে মেক্সিকোয় আটকে প্যালেস্তাইন ফুটবল সভাপতি, বিশ্বকাপ ঘিরে বাড়ছে জটিলতা

বিশ্বকাপে ভিসা-সমস্যা অব্যাহত। প্যালেস্তাইন ফুটবল সভাপতি জিব্রিল রাজুব আমেরিকায় প্রবেশের অনুমতি না পেয়ে মেক্সিকোয় আটকে। বাড়ছে জটিলতা।

Share:

ব্যুরো নিউজ, ১২ জুন ২০২৬ঃ বিশ্বকাপ ঘিরে ভিসা-জট কিছুতেই কাটছে না। এবার আমেরিকায় প্রবেশের অনুমতি না পেয়ে মেক্সিকোয় আটকে পড়েছেন প্যালেস্তাইন ফুটবল সংস্থার সভাপতি জিব্রিল রাজুব। বিশ্বকাপের অ্যাক্রেডিটেশন থাকা সত্ত্বেও তাঁকে ভিসা দিতে দেরি করা হচ্ছে, যা নিয়ে ক্রমশ বাড়ছে জটিলতা। ফিফা সাধারণত সদস্য দেশগুলির ফুটবল সংস্থার প্রধানদের বিশ্বকাপ দেখতে আমন্ত্রণ জানায়। সেই সূত্রেই মেক্সিকোয় এসেছিলেন রাজুব। মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার একটি ম্যাচেও তিনি উপস্থিত ছিলেন। কিন্তু আমেরিকায় ঢোকার অনুমতি না মেলায় তিনি এখন মেক্সিকোয় আটকে রয়েছেন। অতীতে সহজেই ভিসা পেলেও এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজুব এই পরিস্থিতিকে “ঘোরালো” বলে বর্ণনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েও কেন তাঁদের সঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে। তাঁর মতে, খেলা দেখতে আসা বিশ্বের সব ফুটবলারের অধিকার এভাবে প্রত্যাখ্যান করা একেবারেই উচিত নয়। শুধু রাজুব নন, এর আগেও সোমালিয়ার এক রেফারিকে আমেরিকায় ঢুকতে না দিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে। একাধিক দেশের বহু সমর্থকও এখনও পর্যন্ত বিশ্বকাপের ভিসা পাননি। বড় মাপের কর্তাদেরও ভিসা পেতে দেরি হওয়ায় আয়োজক দেশ আমেরিকার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। এই ভিসা-সমস্যা বিশ্বকাপের উন্মাদনায় জল ঢেলে দিচ্ছে বলে মনে করছেন অনেকেই।