ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ ভারতীয় পুরুষ ক্রিকেট দলে এল নতুন রদবদল। প্রাক্তন ক্রিকেটার সাইরাজ বাহুতুলে এবার দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব নিলেন। এই মুহূর্তে তিনিই কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলদের মতো স্পিনারদের কোচিং করাবেন। ভারতের হয়ে দুটি টেস্ট ও আটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সাইরাজ বাহুতুলে। তাঁর ফার্স্ট ক্লাস কেরিয়ার ছিল অত্যন্ত সমৃদ্ধ, যেখানে তিনি ১৮৮টি ম্যাচ খেলেছেন এবং মোট ৬৩০টি উইকেট শিকার করেছেন।
১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন এবং একসময় তাঁকে দেশের অন্যতম সেরা স্পিন অলরাউন্ডার হিসেবে গণ্য করা হত। নিজের নতুন দায়িত্ব প্রসঙ্গে সাইরাজ বাহুতুলে বলেন, “ভারতীয় পুরুষ দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিযুক্ত হওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের বিষয়। একজন খেলোয়াড় হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করা যেমন গর্বের ছিল, তেমনই কোচিংয়ের মাধ্যমেও ভারতীয় দলে কাজ করতে আমি মুখিয়ে রয়েছি। আমি চাই সব ফরম্যাটে দলের সেরা পারফরম্যান্স দিতে।” খেলোয়াড়ি জীবন ছাড়াও তাঁর কোচিং কেরিয়ারও যথেষ্ট উজ্জ্বল।
বিদর্ভ, কেরল, গুজরাট এবং বাংলার মতো একাধিক রাজ্য দলের কোচের পদ সামলেছেন তিনি। এছাড়াও, বিসিসিআই-এর সেন্টার অফ এক্সেলেন্সের হয়ে সাড়ে তিন বছর কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। ২০২২ ও ২০২৪ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের বোলিং কোচ হিসেবেও তিনি কাজ করেছেন। আইপিএলেও কিছু দলের সঙ্গে যুক্ত ছিলেন সাইরাজ। তাঁর এই দীর্ঘ অভিজ্ঞতা ভারতীয় দলের স্পিন বিভাগকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।







