মোহনবাগান রত্ন টুটু বোসের স্মৃতিতে উত্তর কলকাতায় রক্তদান শিবির, এক মঞ্চে বাম-বিজেপি নেতারা

মোহনবাগান রত্ন টুটু বোসের স্মৃতিতে উত্তর কলকাতায় আয়োজিত হল রক্তদান শিবির। 'উদয়ের পথে'র উদ্যোগে বাম নেতা বিমান বসু ও বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ-সহ অনেকে উপস্থিত ছিলেন।

Share:

ব্যুরো নিউজ, ৭ জুন ২০২৬ঃ মোহনবাগান অন্তপ্রাণ, বাঙালির সিকান্দার প্রয়াত টুটু বোসের স্মৃতিতে সম্প্রতি উত্তর কলকাতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হল। ‘উদয়ের পথে’ নামক এক সামাজিক সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। মোহনবাগানের প্রাক্তন সভাপতি ও বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক টুটু বোসের পরোপকারী মানসিকতা এবং সমাজের প্রতি তাঁর দায়বদ্ধতা সর্বজনবিদিত। তাঁর সেই আদর্শকে পাথেয় করেই এই শিবির উৎসর্গ করা হয়েছে তাঁর স্মৃতির উদ্দেশে।

৭ জুন আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাম নেতা বিমান বসু, বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতি এই শিবিরের মূল আকর্ষণ ছিল। এই উদ্যোগের মাধ্যমে প্রয়াত টুটু বোসের জনসেবার ঐতিহ্যকে স্মরণ করা হয়। তিনি কেবল একজন ক্রীড়া প্রশাসকই ছিলেন না, বরং যে কোনও সমস্যায় সাধারণ মানুষের পাশে বটবৃক্ষের ছায়ার মতো দাঁড়াতেন। তাঁর এই অবদান আজও কলকাতা তথা বাংলার মানুষের মনে অমলিন।

বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ তাঁর বক্তব্যে প্রয়াত টুটু বোসের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, “আমরা যারা মোহনবাগানকে ভালোবাসি, তাঁরা জানি পালতোলা নৌকাটা এখনও রয়েছে, কিন্তু কোথাও যেন তার ছাতাটা হারিয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, ক্লাব চিরকাল থাকবে, কিন্তু সেই ছাতা যখন সরে যায়, তখন একটা শূন্যতা থেকে যায়। সেই অনুভূতি থেকেই ‘উদয়ের পথে’ এই রক্তদান শিবিরের আয়োজন করেছে, যাতে সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানো যায়। এই সামাজিক সংস্থা আরও বড় হোক, এই কামনা করেন তিনি। এই রক্তদান শিবির সমাজের প্রতি তাঁদের দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল এবং টুটু বোসের স্মৃতিকে নতুন করে জাগিয়ে তুলল।