তোলা না দেওয়ায় গুলি, ধৃত দুষ্কৃতী

Share:

শুভজিৎ দাস, দক্ষিণ ২৪ পরগণা ৬ মার্চঃ তোলার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করল এক দুষ্কৃতী। গ্রেফতার অভিযুক্ত। রবিবার রাতের এই ঘটনায় ডায়মণ্ডহারবার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসীন্দা নিখিলকুমার সাহা নামে আহত ওই ব্যবসায়ীকে, স্থানীয় লোকজনই উদ্ধার করে প্রথমে ডায়মণ্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় পরে তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালসূত্রে খবর,  ওই ব্যবসায়ীর লিভারে গুলি বিঁধেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে,  প্রতিদিনের মত রবিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন, এলাকার স্বচ্ছ্বল ব্যবসায়ী নিখিল কুমার সাহা। সেইসময় রেজাউল হক ওরফে ছোট মাতাল নামে এলাকারই এক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর পথ আটকে তোলার টাকা চায়। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় ওই দাগী দুষ্কৃতী। গুলির আওয়াজ শুনে আশপাশের লোকজন ছুটে আসামাত্রই বোমাবাজি করতে করতে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত।

ডায়মণ্ডহারবারের মহকুমা পুলিশ আধিকারিক মিতুনকুমার দে জানিয়েছেন, অভিযুক্ত রেজাউল হক ওরফে ছোট মাতালকে গ্রেফতার করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মাঝেমধ্যেই ওই দুষ্কৃতী এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে এইভাবে তোলা আদায় করে। ঘটনার পর থেকেই দক্ষিণ ২৪ পরগণার উস্থি থানার হটুগঞ্জ বাজার এলাকায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার ব্যবসায়ীরা। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে উস্থি থানার বিশাল পুলিশবাহিনী।