‘বাড়ি ভেঙে দিক, মাথা নত করব না’, পুরসভার বুলডোজার নোটিস প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কড়া বার্তা অভিষেকের

পুরসভার বুলডোজার নোটিস প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়: 'বাড়ি ভেঙে দিক, মাথা নত করব না'। মুখ্যমন্ত্রীকে কড়া আক্রমণ, প্রতিহিংসার রাজনীতির অভিযোগ অভিষেকের।

Share:

ব্যুরো নিউজ, ১৯ই মে ২০২৬ঃ কলকাতা পুরসভার পাঠানো নোটিস এবং বুলডোজার চালানোর হুঁশিয়ারি প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দলের বিধায়কদের এক রুদ্ধদ্বার বৈঠকে তিনি সাফ জানান, “ওরা যা খুশি করুক। আমার বাড়ি ভেঙে দিক, নোটিস পাঠাক। আমি এসবের কাছে কোনও অবস্থাতেই মাথা নত করব না।” এই মন্তব্যের মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও কড়া ভাষায় নিশানা করেন।

পুরসভা সূত্রে খবর, অভিষেকের হরিশ মুখার্জি রোডের ‘শান্তিনিকেতন’ এবং ১২১ কালীঘাট রোডের বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ তুলে নোটিস পাঠানো হয়েছে। এই নোটিসে বলা হয়েছে, মূল নকশার বাইরে গিয়ে কিছু অংশ তৈরি করা হয়েছে, যা আগামী সাত দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে। অন্যথায় পুরসভাই বুলডোজার দিয়ে সেই অংশ গুঁড়িয়ে দেবে। অভিষেকের মোট ১৭টি সম্পত্তি পুরসভার স্ক্যানারে রয়েছে বলেও জানা গেছে। এর মধ্যে ভবানীপুর বিধানসভা এলাকার ৭৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই দুটি ঠিকানাই প্রাথমিক ভাবে নোটিসের আওতায় এসেছে। বৈঠকে অভিষেক নাম না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মানসিকতার তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, “আমাদের রাজ্যে এর আগে অনেক মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু বর্তমান জনের মতো কুৎসিত মানসিকতার মানুষ কেউ ছিলেন না। যাকে প্রকাশ্য ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে, আজ তাকেই রাজ্যের মুখ্যমন্ত্রী বানানো হয়েছে!” ফলতার নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে এই বৈঠকেই নিজের বাড়ি ভাঙার নোটিস নিয়ে প্রথমবার সোচ্চার হন অভিষেক। রাজনৈতিক মহলে এই ঘটনাকে বিজেপির প্রতিহিংসার রাজনীতি হিসেবে দেখছেন অনেকে। অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, তিনি আইনি ও রাজনৈতিক ভাবে এই ‘বুলডোজার নীতি’র বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।