গার্হস্থ্য হিংসার অভিযোগের পাল্টা, সেলিনা জেটলিকে জোড়া আইনি নোটিস পিটারের

গার্হস্থ্য হিংসার অভিযোগের পাল্টা, অভিনেত্রী সেলিনা জেটলিকে জোড়া আইনি নোটিস পাঠালেন স্বামী পিটার হাগ। মিডিয়া ট্রায়াল ও মানহানির অভিযোগ আনা হয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ৩০ মে ২০২৬ঃ বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি এবং তাঁর স্বামী পিটার হাগের পারিবারিক বিবাদ এবার আইনি যুদ্ধের নতুন মোড় নিয়েছে। পিটারের বিরুদ্ধে মুম্বইয়ে গার্হস্থ্য হিংসার অভিযোগে এফআইআর দায়ের করার পর, এবার পাল্টা পদক্ষেপ হিসেবে সেলিনাকে দু’টি পৃথক আইনি নোটিস পাঠিয়েছেন পিটার হাগ এবং তাঁর বাবা ডিআই উলফগ্যাং জে হাগ। মুম্বইয়ের ল’ ফার্ম ‘সেমওয়াল অ্যান্ড কোং’-এর মাধ্যমে পাঠানো এই নোটিসে সেলিনার বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো এবং ইন্টারনেটে ভুয়ো ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

পিটারের পরিবারের পক্ষ থেকে সমস্ত কন্টেন্ট মুছে ফেলে প্রকাশ্যে, নিঃশর্ত ক্ষমার দাবিও জানানো হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে যে, সেলিনা ও পিটারের বিবাহবিচ্ছেদ এবং তিন সন্তানের কাস্টডির মামলাটি বর্তমানে অস্ট্রিয়ার আদালতে বিচারাধীন। তা সত্ত্বেও সেলিনা লাগাতার বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় পিটার ও তাঁর পরিবারের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে চলেছেন।

পিটারের আইনজীবী ইয়েশা শাহ কড়া মন্তব্য করে বলেছেন যে, নারীদের সুরক্ষার জন্য তৈরি আইনের অপব্যবহার করা হচ্ছে। পিটারদের দাবি, সেলিনা তাঁদের ‘অত্যাচারী’, ‘হিংস্র’ এবং ‘প্রতারক’ হিসেবে বর্ণনা করে ভারতীয় ন্যায় সংহিতা, ২০২৩ (BNS)-এর ধারা ৩৫৬ অনুযায়ী মানহানি করেছেন। পিটারের পরিবারের প্রধান আপত্তি তাঁদের তিন নাবালক সন্তানকে নিয়ে, যাদের নাম, ছবি এবং সংবেদনশীল তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে।

অস্ট্রিয়ার আদালতে কাস্টডি মামলা চলাকালীন এই ধরণের সমান্তরাল মিডিয়া ট্রায়াল অবিলম্বে বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে সেলিনা ভার্সোভা থানায় পিটারের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও শারীরিক নির্যাতনের অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন, যার জেরে মুম্বই পুলিশ পিটারের বিরুদ্ধে লুক আউট সার্কুলারও জারি করে।