ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে এক নতুন দিগন্ত খুলতে চলেছে। রাজ্যের নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সম্প্রতি এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকে ‘হিমালয়ান হিল সিটি’ (Himalayan Hill City Project) গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক – উত্তরবঙ্গের এই পাঁচটি পাহাড়ি শহরকে নিয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হবে।
রবিবার উত্তরকন্যায় আয়োজিত বৈঠকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, উত্তরবঙ্গের উন্নয়নকাজের নকশা চূড়ান্ত হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল পরিকাঠামো, পর্যটন, পানীয় জল এবং নাগরিক পরিষেবার আধুনিকীকরণ। এর মাধ্যমে পাহাড় ও সমতলের মধ্যে উন্নয়নের সেতুবন্ধন তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই উত্তরবঙ্গকে বঞ্চনামুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে আসছিল, এই প্রকল্প সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র পরিকাঠামোগত উন্নয়ন নয়, সামাজিক সুরক্ষাতেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানিয়েছেন, বাল্যবিবাহ, নাবালিকা ও মহিলা পাচার, কিশোরী বয়সে গর্ভধারণের মতো অপরাধ দমনে প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন NGO-র প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হবে। এছাড়াও সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি এবং ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের সন্তানদের জন্য ডে কেয়ার ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। মন্দিরের ফেলে দেওয়া ফুল দিয়ে ধুপকাঠি তৈরির মতো পরিবেশবান্ধব উদ্যোগও নেওয়া হবে। অগ্নিমিত্রা পাল পূর্ববর্তী সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গকে বঞ্চিত করার অভিযোগ তুলে বলেন, বর্তমান সরকার সমগ্র বাংলার উন্নয়নে সমানভাবে সচেষ্ট। এই নতুন প্রকল্প উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে এবং অঞ্চলের সামগ্রিক প্রগতিতে সহায়ক হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।







