অমিত শাহের ‘গোপন চিঠি’ ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি, বিধানসভায় বড় ঘোষণার ইঙ্গিত শুভেন্দুর

অমিত শাহের পাঠানো 'গোপন চিঠি' ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভায় এই চিঠি ও তার প্রভাব নিয়ে বড় ঘোষণা করবেন।

Share:

ব্যুরো নিউজ, ১৯ জুলাই ২০২৬ঃ রবিবার ছুটির দিনেও পশ্চিমবঙ্গের রাজনীতিতে পারদ চড়ল অনেকটাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাঠানো একটি ‘গোপন চিঠি’ ঘিরে এখন রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। এই চিঠি পেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা নিয়ে তৈরি হয়েছে চরম রহস্য। চিঠির বিষয়বস্তু জানতে উৎসুক রাজনৈতিক মহল। আজ কলকাতার ন্যাশনাল লাইব্রেরীর বেলভেডিয়ার হাউসে ‘শব্দালোক’ জাদুঘরের উদ্বোধন করেন অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও।

সেখানেই তিনি জানান, অমিত শাহের কাছ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চিঠিটি মূলত বাংলা ভাষার সম্মান রক্ষা, সংরক্ষণ এবং প্রশাসনিক ক্ষেত্রে এর ব্যবহার বৃদ্ধি সংক্রান্ত। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, চিঠির ভেতরে এমন কিছু ‘স্পেশাল গাইডলাইন’ বা ইঙ্গিত রয়েছে, যা রাজ্যের বর্তমান প্রশাসনিক কাঠামোয় বড় প্রভাব ফেলতে পারে। শুভেন্দু অধিকারী আজ চিঠির প্রাপ্তি স্বীকার করলেও, এর ভেতরের মূল তথ্য চেপে গিয়েছেন। এই ‘গোপনতাই’ জল্পনা বাড়িয়েছে।

শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, “যেহেতু বর্তমানে রাজ্যের বিধানসভা অধিবেশন চলছে, তাই আমি আজই সব খোলসা করছি না। আগামীকাল (সোমবার) বিধানসভার কক্ষেই এই চিঠি এবং এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পরবর্তী বড় পদক্ষেপ নিয়ে বিস্তারিত বক্তব্য রাখব।” তাঁর এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে হইচই। আগামীকাল সোমবার শুভেন্দু অধিকারী বিধানসভায় কী বড় ঘোষণা করতে চলেছেন, এখন সেদিকেই চোখ গোটা বাংলার।