ব্যুরো নিউজ, ৪ আগস্ট ২০২৬ঃ শ্রাবণ মাসের এক পবিত্র সোমবারে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় ছত্রপতি শিবাজী সংঘের ব্যবস্থাপনায় এক বর্ণাঢ্য রুদ্রাভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহাদেবের এই বিশেষ পুজোয় অংশ নিতে সকাল থেকেই ভক্তদের ঢল নামে। এই পুণ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, সাতগাছিয়া বিধানসভার বিধায়ক অগ্নিশ্বর নস্কর এবং সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর। এছাড়াও বিজেপির একাধিক স্থানীয় নেতা-কর্মী এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে মহারাজ জগদ্ধাত্রীয় প্রভু, মহারাজ অমৃত চরণ দাস এবং নিগোমেন্দ্র প্রভু সহ আরও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের আশীর্বাদ করেন।
সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাদেবের মূর্তি স্থাপন করে শাস্ত্রীয় বিধান মেনে সংকল্প করা হয়। এরপর সারাদিন ব্যাপী চলে রুদ্রাভিষেক ও বিশেষ পুজো অর্চনা। ভক্তরা ভক্তিভরে মহাদেবের মাথায় জল ঢেলে নিজেদের মনস্কামনা জানান। শ্রাবণ মাস মহাদেবের আরাধনার জন্য অত্যন্ত পবিত্র মাস হিসেবে বিবেচিত হয়। এই দিনে রুদ্রাভিষেক অত্যন্ত ফলদায়ক বলে বিশ্বাস করা হয়। আমতলার এই অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও বহু মানুষ এসে পুজোয় অংশ নেন। এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনায় এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে। এই আয়োজন এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।








