অন্নপূর্ণা যোজনায় ২৮ লক্ষের বেশি উপভোক্তা, শীর্ষে নদিয়া: আপনার জেলা কত নম্বরে?

অন্নপূর্ণা যোজনায় ২৮ লক্ষেরও বেশি উপভোক্তা পেলেন টাকা। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে নদিয়া, মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর। আপনার জেলার অবস্থান জানুন।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেছে নবান্ন। বুধবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে এক উচ্চপর্যায়ের বৈঠকের পর জানানো হয়েছে, রাজ্যের মোট ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা সরাসরি পৌঁছে দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক উপভোক্তার জেলাভিত্তিক তালিকাও প্রকাশ করেছে নবান্ন, যা রাজ্যের বিভিন্ন জেলার পারফরম্যান্স তুলে ধরেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রাপকদের নিরিখে গোটা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে নদিয়া জেলা। এই জেলায় উপভোক্তার সংখ্যা ২ লক্ষ ৫৯ হাজার ৯৫৫ জন। নদিয়ার পরেই দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে মুর্শিদাবাদ (২,১৯,৩৭৩ জন) এবং পশ্চিম মেদিনীপুর (২,১৭,৮৫৬ জন) জেলা। উত্তর ২৪ পরগনা (২,০৫,০০১ জন) এবং পূর্ব মেদিনীপুরও (২,০৩,১৮৪ জন) প্রথম সারিতে স্থান পেয়েছে।

অন্যদিকে, তালিকার একেবারে নিচে স্থান পেয়েছে পাহাড়ের জেলা কালিম্পং, যেখানে সুবিধা প্রাপকের সংখ্যা মাত্র ৯,৬৭৫ জন। মেট্রো শহর কলকাতাও এই তালিকায় বেশ পিছনের সারিতে (২৩,৮০৭ জন) রয়েছে। অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্ম প্রকাশ হওয়ার পর যে বিতর্ক তৈরি হয়েছিল, সে বিষয়েও নবান্ন থেকে স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভুয়ো অ্যাকাউন্ট এবং অবৈধ উপভোক্তাদের চিহ্নিত করতেই এই ফর্মের প্রয়োজন ছিল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও যোগ করেন যে, শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই পদক্ষেপের ফলে প্রকল্পের স্বচ্ছতা বজায় থাকবে এবং প্রকৃত প্রাপকরাই সুবিধা পাবেন বলে সরকার আশাবাদী।