ব্যুরো নিউজ, ২২ অক্টোবর ২০২৬: দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে বুধবার রাতে রণক্ষেত্রের চেহারা নিল আরামবাগের সতীতলা এলাকা। দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, সতীতলা এলাকার বাঁধপাড়া ও ভূমিজপাড়ার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দশমীর রাতে প্রতিমা নিরঞ্জনের আগে এক পাড়ার বাসিন্দারা সিঁদুর খেলা ও নাচগানে মেতেছিলেন। সেই সময় অন্য পাড়ার কয়েকজন যুবক এসে নাচানাচি শুরু করলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে সেই বচসা হাতাহাতিতে গড়ায়। এরপর লাঠি নিয়ে মারধর শুরু হয় এবং কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
খবর পেয়ে আরামবাগ থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু পুলিশ আসার পরেও দু’পক্ষের মধ্যে মারপিট চলতে থাকে। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ায় পুলিশ বাধ্য হয় লাঠিচার্জ করে পরিস্থিতি শান্ত করতে।
এই ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।








