আরামবাগ মেডিক্যালে সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে রণক্ষেত্র

আরামবাগ মেডিক্যালে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। পরিবারের বিক্ষোভে রণক্ষেত্র হাসপাতাল চত্বর, পুলিশ পরিস্থিতি সামাল দেয়।

Share:

নিউজ ব্যুরো, ৫ জুলাই ২০২৬: হুগলির আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। রবিবার

সকালে সাপের কামড়ে জখম দশম শ্রেণির ছাত্রী তমসী পাল (১৬)-এর মৃত্যু হয়। এর পরেই মৃতের পরিবারের সদস্যরা ক্ষোভে ফেটে পড়েন এবং কর্তব্যরত চিকিৎসককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

পুলিশ সূত্রে খবর, আরামবাগের বাদলকোনা এলাকার বাসিন্দা তমসী পালকে শনিবার রাতে সাপে কামড়ায়। সঙ্গে সঙ্গেই তাকে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়। পরিবারের অভিযোগ, ভর্তি করানোর পরেও সময়মতো চিকিৎসা শুরু করেননি কর্তব্যরত চিকিৎসকরা। এমনকি, অবস্থার অবনতি হচ্ছে দেখে বারবার অনুরোধ করা হলেও চিকিৎসক ও নার্সরা দুর্ব্যবহার করেন। পরে তাকে ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তমসীর দাদা অরিজিৎ পাল জানান, ইমার্জেন্সি থেকে বলা হয়েছিল শরীরে কোনও বিষক্রিয়া হয়নি। কিন্তু পরে তার বোন মারা যায়। তাঁদের দাবি, প্রথম থেকে ভালো ভাবে চিকিৎসা হলে তমসীকে বাঁচানো যেত। অন্যদিকে, কর্তব্যরত চিকিৎসক সোহমদেব বক্সী বলেন, ইমার্জেন্সি থেকে ওয়ার্ডে আনার সময়েই ওই ছাত্রীর অবস্থার অবনতি হয়। তাঁরা সব রকম চেষ্টা করেছেন, কিন্তু তাকে বাঁচানো যায়নি। এই ঘটনায় চিকিৎসক ও নার্সদের শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।