ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ রাজনৈতিক মহলে জোর চর্চা! যুব তৃণমূল কংগ্রেসের শীর্ষ পদে বড়সড় রদবদল। সায়নী ঘোষের পর এবার সংগঠনের দায়িত্বে এলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা এই গুরুত্বপূর্ণ পদ এখন অর্ণবের কাঁধে। রাজনৈতিক মহলে ‘পাপা’ নামে পরিচিত অর্ণব বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একজন সক্রিয় তৃণমূল কর্মীই নন, তার রয়েছে দীর্ঘদিনের অভিনয় জগতের অভিজ্ঞতাও। তিনি ছোটপর্দার একজন পরিচিত মুখ। অর্ণবের রাজনৈতিক পরিচয় শুধু এখানেই শেষ নয়। তার পারিবারিক সূত্রেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে গভীর যোগ রয়েছে। তার দিদি সোমা চক্রবর্তী কলকাতা পুরনিগমের একজন বর্ষীয়ান কাউন্সিলর।
অন্যদিকে, তার জামাইবাবু শুভাশিস চক্রবর্তী তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ এবং দলের কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে পরিচিত। সম্প্রতি সিআইডি যখন তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশি চালাতে গিয়েছিল, তখন তাদের বাধা দেওয়ার ক্ষেত্রেও শুভাশিস চক্রবর্তীর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলের সাংগঠনিক বিস্তারে যুব সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই পদে অর্ণবের নিয়োগ তৃণমূলের সাংগঠনিক শক্তি বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
সায়নী ঘোষের পর অর্ণব বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছে তৃণমূল। দলের অনুগত এবং দীর্ঘদিনের সক্রিয় সদস্যের উপর এই দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে। আগামী দিনে অর্ণব বন্দ্যোপাধ্যায় যুব সংগঠনকে কতটা শক্তিশালী করে তুলতে পারেন, সেদিকেই এখন সকলের নজর থাকবে।







