মেসি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তৃতীয়বার নোটিস পুলিশের, ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরায় নির্দেশ

মেসি কাণ্ডে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তৃতীয়বার নোটিস পুলিশের। ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। অভিযোগ গুরুতর।

Share:

ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬:প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের তলব করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মেসি কাণ্ডে এবার তৃতীয়বার নোটিস পাঠানো হল তাঁকে। নোটিস গ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে থানায় সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে, পুলিশি তলবেও এখনও পর্যন্ত সাড়া দেননি প্রাক্তন মন্ত্রী। তাঁর আদৌ হাজিরা দেবেন কিনা, তা নিয়েই জল্পনা শুরু হয়েছে।

গত ১৭ মে শতদ্রু দত্ত নামে এক ব্যক্তি বিধাননগর দক্ষিণ থানায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। অভিযোগ, টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি এবং প্রতারণার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই অরূপকে গত ৪ জুন বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ।

প্রথমবার তলব এড়ানোর সময় অরূপ বিশ্বাস অসুস্থতার কারণ দেখিয়েছিলেন এবং আগামী দু’সপ্তাহের মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিলেন। কিন্তু পুলিশ সেই সময়সীমা দিতে রাজি নয়। তাই এবার তৃতীয় নোটিস জারি করে দ্রুত হাজিরা নিশ্চিত করতে চাইছে তারা। অরূপ বিশ্বাসের বর্তমান অবস্থান সম্পর্কেও পুলিশ অবগত নয় বলে জানা গেছে। এই ঘটনা রাজনৈতিক মহলেও চাঞ্চল্য সৃষ্টি করেছে।