ব্যুরো নিউজ, ২২ মে ২০২৬ঃ রাজ্যে খাদ্য দফতরে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে গিয়ে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, “দুর্নীতির মস্ত বড় এক মৌচাকে সরাসরি ঢিল মেরেছি। যারা বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা অবৈধভাবে কামাই করেছে, তারা আমায় ছেড়ে কথা বলবে না। ফলে এখন যে কোনও মুহূর্তে আমার প্রাণহানির আশঙ্কা তো থাকছেই!” মন্ত্রীর এই চাঞ্চল্যকর মন্তব্য রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলেছে।
অশোক কীর্তনিয়া স্পষ্ট করে দেন, নতুন ডাবল ইঞ্জিন সরকার দুর্নীতির প্রশ্নে বিন্দুমাত্র আপস করবে না। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, গরিব মানুষের রেশন নিয়ে চলা দুর্নীতি রোধ করতে গিয়ে যদি তাঁর জীবনও চলে যায়, তবুও তিনি সাধারণ মানুষের স্বার্থে এই দফতর থেকে দুর্নীতি চিরতরে বন্ধ করবেন। মুখ্যমন্ত্রী নিজেও তাঁকে খাদ্য দফতরে কোনও স্তরেই কালিমালিপ্ত কারবার না রাখার নির্দেশ দিয়েছেন বলে জানান মন্ত্রী। পূর্বতন সরকারের জনপ্রিয় ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে আমজনতা ও ডিলারদের মধ্যে কৌতূহল ছিল।
এই বিষয়ে খাদ্যমন্ত্রী জানান, প্রকল্পটি এই মুহূর্তে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন। আইনি জট না কাটা পর্যন্ত এবং শীর্ষ আদালতের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই নতুন সরকার এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়াও, দুর্নীতিগ্রস্ত আমলা ও ফুড ইন্সপেক্টরদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মন্ত্রী বলেন, “এনাফ ইজ এনাফ! বিগত দিনে কার আমলে কী করেছেন না করেছেন, সেসব ভুলে যান।” বীরভূমের একটি চাল কলের বিরুদ্ধে ২২ কোটি টাকার ধান আত্মসাতের অভিযোগ এনে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। রেশনে আটা বন্ধের সিদ্ধান্তও আপাতত বহাল থাকবে।








