ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ রাজ্যে স্বাস্থ্য পরিষেবা খাতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আজ, ৮ই মে, পশ্চিমবঙ্গ সরকার এবং ন্যাশনাল হেল্থ অথরিটির (NHA) মধ্যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মউ (MoU) স্বাক্ষরিত হতে চলেছে। পালাবদলের পর মন্ত্রীসভার প্রথম বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প রাজ্যে চালুর ঘোষণা করেছিলেন। এর ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন।
এই চুক্তির মাধ্যমে পশ্চিমবঙ্গ দেশের ৩৬তম রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধাভোগী হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে এই মউ স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পটিকে প্রতিস্থাপন করে আয়ুষ্মান ভারত যোজনা এখন থেকে পশ্চিমবঙ্গের নাগরিকদের আরও সহজলভ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। এই প্রকল্পের অধীনে যোগ্য সুবিধাভোগীরা সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ার হাসপাতালে ভর্তির ক্ষেত্রে প্রতি বছর পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা পাবেন।
২০১৮ সালে চালু হওয়া এই কেন্দ্রীয় প্রকল্প দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার এক অন্যতম মাইলফলক হিসেবে বিবেচিত। এর মাধ্যমে তালিকাভুক্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের বিশাল নেটওয়ার্কের মাধ্যমে সাধারণ নাগরিকদের সস্তা এবং মানসম্মত চিকিৎসার সুযোগ দেওয়া হয়। এই উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে উন্নত করবে এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।







