ব্যুরো নিউজ, ১৯ জুলাই ২০২৬ঃ বাঁকুড়ার বড়জোড়া থানার দেউচা এলাকায় হাতির হানায় এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মৃতের নাম স্বপন পণ্ডিত (৩৭)। রবিবার সকালে দেউচা এলাকার একটি রাস্তার ধার থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পাশে পড়েছিল একটি মোটরসাইকেল। স্থানীয়দের দাবি, বুনো হাতির হামলায় স্বপনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত স্বপন বড়জোড়া এলাকার একটি হোটেলে কাজ করতেন। শনিবার রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথাও হয়েছিল তাঁর। কিন্তু এরপর আর স্বপনের সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে দাবি পরিবারের সদস্যদের। রবিবার সকালে স্থানীয়রা রাস্তার ধারে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। যদিও স্বপনের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে ওই এলাকায় বুনো হাতির উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। প্রায়শই দলছুট হাতি লোকালয়ে ঢুকে পড়ছে। বন দপ্তরের তরফে জানানো হয়েছে, বড়জোড়া এলাকায় একাধিক দলছুট হাতির দেখা মিলেছে। বর্তমানে ওই এলাকায় নজরদারি চালানো হচ্ছে এবং গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।








