বাসন্তীতে বিজেপির পতাকা খোলাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে রড-বাঁশ দিয়ে মারধরের অভিযোগ, উত্তেজনা এলাকায়

বাসন্তীতে বিজেপির পতাকা খোলাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ। রড-বাঁশ নিয়ে হামলার জেরে উত্তেজনা, তদন্তে পুলিশ।

Share:

ব্যুরো নিউজ, ৫ নভেম্বর ২০২৬: দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। কাঁটালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের খেয়ারি বাজার এলাকায় বিজেপির দলীয় পতাকা খোলাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে রড ও বাঁশ দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন প্রান্তে বিজেপির কর্মীরা দলীয় পতাকা লাগিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় তৃণমূল কর্মীরা সেই পতাকা খুলে দিচ্ছিলেন বলে খবর পান বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির বুথ সভাপতি সাইফুল্লাহ সহ অন্যান্য কর্মীরা। কেন তাদের দলীয় পতাকা খোলা হচ্ছে, এই প্রশ্ন করতেই তৃণমূল কর্মীরা তাদের উপর রড ও বাঁশ নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। এই হামলার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। আহত বিজেপি কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত তৃণমূল কর্মীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় বলে জানা গিয়েছে। বর্তমানে বাসন্তী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলাকায় নজরদারি বাড়িয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।