মাছের চালানের আড়ালে মাদক পাচার! বসিরহাটে উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল

বসিরহাটে মাছের পেটির আড়ালে কোটি টাকার ফেনসিডিল উদ্ধার করল বিএসএফ। মোমিন মোল্লা নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়।

Share:

ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: বসিরহাটে মাছের পেটির আড়ালে কোটি টাকারও বেশি ফেনসিডিল উদ্ধার করে চক্ষু চড়কগাছ বিএসএফের। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার বকুলতলা এলাকায় এক মাছ ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ ও জেলা পুলিশের যৌথ অভিযানে এই সাফল্য এসেছে।

জানা গেছে, মোমিন মোল্লা নামে ওই মাছ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাছের পিন সাপ্লাইয়ের আড়ালে ফেনসিডিল পাচার করতেন। থার্মোকলের মাছের পেটির ভেতরে অত্যন্ত সুকৌশলে ফেনসিডিল ভরে বাংলাদেশে পাচারের ছক কষা হয়েছিল। বাইরে থেকে দেখলে বোঝার উপায় ছিল না যে মাছের বাক্সের ভেতরে লুকিয়ে রয়েছে কোটি টাকার মাদক। বিএসএফের স্পেশাল অপারেশন গ্রুপ এবং হাসনাবাদ থানার পুলিশকে সঙ্গে নিয়ে বকুলতলা এলাকায় মোমিনের গোডাউনে তল্লাশি চালানো হয়।

প্রায় ১০ ঘণ্টা ধরে চলে এই অভিযান। শুধু গোডাউন নয়, এলাকার আরও কয়েকটি বাড়িতেও তল্লাশি চালানো হয়। উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজার মূল্য এক কোটি টাকারও বেশি বলে জানা গেছে। অভিযুক্ত পাচারকারী মোমিন মোল্লা বর্তমানে পলাতক। এই নিষিদ্ধ তরল মাদক বসিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। গোটা ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং পলাতক মোমিনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও বিএসএফ।