ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: বেলঘড়িয়ার রবীন্দ্রনগর এলাকায় মদের আসরে সামান্য বচসার জেরে এক বন্ধুকে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ উঠল আরেক বন্ধুর বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত বন্ধুকে গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ। মৃত যুবকের নাম সন্তোষ কর্মকার, পেশায় তিনি টোটো চালক। অভিযুক্তের নাম সুভাষ দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত পরশু রাতে সন্তোষ ও সুভাষ পাড়ারই একটি নির্জন জায়গায় মদ্যপান করছিলেন। নেশার ঘোরে কোনো একটি বিষয় নিয়ে তাদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়, যা মুহূর্তের মধ্যেই হাতাহাতিতে পৌঁছায়। অভিযোগ, সেই সময় রাগের মাথায় সুভাষ একটি ভারী পাথর তুলে সন্তোষের মাথায় ও মুখে সজোরে আঘাত করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সন্তোষ। খুনের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে সুভাষ দেহটি পাশের একটি ড্রেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে রক্তমাখা পায়েই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরদিন সকালে স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে বেলঘড়িয়া থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা পায়ের ছাপ অনুসরণ করে সরাসরি অভিযুক্ত সুভাষ দাসের বাড়ির সামনে পৌঁছায়।
এরপরই সুভাষকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশের ম্যারাথন জেরার মুখে সে বন্ধুকে খুনের কথা স্বীকার করে নেয়। এরপরই তাকে গ্রেফতার করে বেলঘড়িয়া থানার পুলিশ। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে পুলিশ পিকেট বসানো হয়েছে। পুরনো কোনো শত্রুতা ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।









