ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬ : নন্দীগ্রামের প্রভাবশালী তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বাড়িতে নোটিস সাঁটাল কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের রিকভারি সেল। সমুদ্রে মাছ ধরার ট্রলার কেনা এবং বাড়ি তৈরির জন্য নেওয়া প্রায় ৫৮ লক্ষ টাকার ঋণ বকেয়া থাকায় এই পদক্ষেপ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। পুলিশের উপস্থিতিতেই রিকভারি দলের সদস্যরা এই নোটিস জারি করেন, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, শেখ সুফিয়ান ট্রলার কেনার জন্য প্রায় ২৮ লক্ষ টাকা এবং বাড়ি তৈরির জন্য ২৫ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। প্রাথমিকভাবে কিছু টাকা পরিশোধ করা হলেও, দীর্ঘ সময় ধরে ঋণের একটি বড় অংশ বকেয়া পড়ে আছে। সুদ-সহ বর্তমানে এই বকেয়া টাকার পরিমাণ ৫৮ লক্ষ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে ব্যাংক। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও ঋণ পরিশোধ না করায় ব্যাংক এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বুধবার কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঁচ সদস্যের একটি রিকভারি দল নন্দীগ্রামে শেখ সুফিয়ানের বাড়িতে পৌঁছায়।
স্থানীয় পুলিশের সহায়তায় তারা নোটিস সাঁটিয়ে দেন। যদিও নোটিস দেওয়ার সময় শেখ সুফিয়ান বাড়িতে ছিলেন না। তার পরিবারের সদস্যরাও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যাংকের রিকভারি সেলের আধিকারিক চঞ্চল দাস জানান, এই নোটিসের মূল উদ্দেশ্য হলো যাতে শেখ সুফিয়ান তার সম্পত্তি অন্য কারো কাছে বিক্রি করতে না পারেন। তিনি আরও বলেন, যদি এরপরও ঋণ পরিশোধ না করা হয়, তাহলে ভবিষ্যতে ব্যাংক আইন অনুযায়ী আরও কঠোর পদক্ষেপ নেবে। বর্তমানে তাদের দাবি ৫৮ লক্ষেরও বেশি টাকা।









