ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ রাজ্যে থমকে থাকা রেল প্রকল্পগুলো অবশেষে গতি পেতে চলেছে। রেল ওভারব্রিজ, সেতু, স্টেশনের পরিকাঠামো সংস্কার থেকে শহর, শহরতলির মেট্রো প্রকল্পগুলো নিয়ে আগামিকাল (শনিবার) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। নবান্ন সভাঘরে এই মেগা বৈঠকে উপস্থিত থাকার কথা রাজ্যের সমস্ত বিধায়ক এবং সাংসদদেরও। তাঁদের থেকে নিজ নিজ এলাকার রেল সংক্রান্ত সমস্যার কথা শুনবেন রেলমন্ত্রী। সেইমতো দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হবে।
গত ১৫ বছর ধরে মূলত জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা এবং রাজ্য-কেন্দ্রের টানাপোড়েনের কারণে পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রোজেক্টের কাজ সম্পূর্ণ থমকে বা শ্লথ হয়ে রয়েছে। নবান্নের এই গুরুত্বপূর্ণ বৈঠকেই সেই সমস্ত জট কাটিয়ে দ্রুত কাজ শেষ করার ব্লু-প্রিন্ট তৈরি হবে বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। এই বৈঠককে রাজ্যের ‘ডবল ইঞ্জিন’ সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মনে করা হচ্ছে, আগামিদিনে বাংলায় কয়েক হাজার কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। নবান্ন সভাঘরে আয়োজিত সেই বৈঠকে বিধায়ক-সাংসদদের পাশাপাশি পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল, নর্থ ফ্রন্টিয়ার রেল ও কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার-সহ শীর্ষ আধিকারিকরা হাজির থাকবেন। এই বৈঠক রাজ্যের রেল পরিকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।








