“ময়দানে এবার শুধুই খেলা হবে, কোনো দাদাগিরি নয়!” – বাংলার ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি রুখতে কড়া ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ

ক্রীড়াক্ষেত্রে দুর্নীতি ও 'থ্রেট কালচার' রুখতে কড়া পদক্ষেপ নিলেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ময়দানে এবার শুধু খেলা হবে, দাদাগিরি নয়।

Share:

ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ পশ্চিমবঙ্গের ক্রীড়াক্ষেত্রে ‘থ্রেট কালচার’ এবং যেকোনো ধরনের অনিয়ম দূর করতে কড়া অবস্থান নিলেন নবনিযুক্ত ক্রীড়ামন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ। দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার প্রথমবার ময়দান টেন্টে গিয়ে তিনি সাফ জানিয়ে দেন, খেলার মাঠে রাজনীতির রঙ দেখে নয়, বরং যোগ্যতার ভিত্তিতেই প্রতিভাদের সুযোগ দেওয়া হবে।

পেশায় ক্যানসার বিশেষজ্ঞ এই তরুণ মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, “মাঠে ময়দানে এতদিন খেলাধুলার চেয়ে রাজনীতি আর কিছু ক্ষেত্রে অনিয়মই বেশি জায়গা করে নিয়েছিল। কিন্তু এবার খেলার ময়দানে শুধু খেলাই হবে, কোনো দাদাগিরি বরদাস্ত করা হবে না।” পূর্বতন ক্রীড়া নীতি ও পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী জানান, অতীতে খেলাধুলার প্রকৃত উন্নয়নের চেয়ে চটকদার বিনোদন ও গ্ল্যামারকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

বিগত বছরগুলোতে লিওনেল মেসির কলকাতা সফর সংক্রান্ত আর্থিক লেনদেন এবং বেশ কিছু ফুটবল ক্লাবের ম্যাচ ফিক্সিং বা স্বজনপোষণ নিয়ে ওঠা গুরুতর অভিযোগগুলি খতিয়ে দেখার প্রস্তুতি নিচ্ছে নতুন প্রশাসন। এছাড়া জুনিয়র স্তরে বয়স ভাঁড়ানো বা ট্রায়ালে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে অর্থ নেওয়ার যে ‘সিন্ডিকেট রাজ’ গড়ে ওঠার অভিযোগ রয়েছে, তাও সমূলে উপড়ে ফেলার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

সিএবি-র প্রাক্তন সভাপতি অভিষেক ডালমিয়ার পাঠানো খোলা চিঠিকে গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন আর্থিক লেনদেনের প্রমাণ থাকা সত্ত্বেও কেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি, তা খতিয়ে দেখা হবে। এই বিষয়ে দ্রুত তাঁর সঙ্গে বৈঠকে বসছেন মন্ত্রী। বাংলার ক্রীড়াক্ষেত্রকে বিশ্ব মঞ্চে পুনরুজ্জীবিত করতে আজ টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের সঙ্গেও উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ক্রীড়া আইকনদের পরামর্শও নেওয়া হবে। ডঃ ইন্দ্রনীল খাঁ-র এই অনমনীয় মনোভাব দেখে রাজ্যের ক্রীড়াপ্রেমীরা ময়দানে স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতা ফেরার আশা করছেন।