ব্যুরো নিউজ, ১৫ জুন ২০২৬ঃ ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। যদিও কয়েকদিন আগে দক্ষিণবঙ্গে আনুষ্ঠানিকভাবে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে, তবে অধিকাংশ জেলাতেই এখনও বর্ষার পূর্ণাঙ্গ ছবি দেখা যাচ্ছে না। তবে স্বস্তির খবর, আজ সোমবার বিকেলের পর দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামীকাল মঙ্গলবারও রাজ্যজুড়ে আবহাওয়ার ভোলবদল হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চড়া রোদ ও ভ্যাপসা গরম অনুভূত হবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। তবে বিকেলের দিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষত বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হলেও উত্তরবঙ্গে কিন্তু ভারী বর্ষণ জারি থাকবে। আগামীকাল মঙ্গলবার জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারেও বৃষ্টির দাপট বজায় থাকবে। এছাড়াও মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের সম্ভাবনা থাকায় আবহাওয়া দফতর রাজ্যবাসীকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।







