বীরভূমে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে ত্রাণ লুট: ৪ বিজেপি নেতাকে শোকজ়

বীরভূমে প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি থেকে সরকারি ত্রাণ লুটপাটের অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত থাকার অভিযোগে ৪ বিজেপি নেতাকে শোকজ় করল দল।

Share:

ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ  সরকারি ত্রাণসামগ্রী লুটপাটের অভিযোগ ঘিরে উত্তাল সিউড়ি। প্রাক্তন তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর ভাড়াবাড়ি থেকে ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনায় চারজন স্থানীয় বিজেপি নেতার নাম জড়ানোয় তাঁদের শোকজ় করল বিজেপি নেতৃত্ব। তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিতে পারলে তাঁদের দল থেকে বহিষ্কার করা হতে পারে বলে কড়া বার্তা দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত সম্প্রতি সিউড়ির সাজানো পল্লিতে বিকাশ রায় চৌধুরীর ভাড়াবাড়িতে।

অভিযোগ, তালা ভেঙে সরকারি ত্রাণের ত্রিপল ও কম্বল উদ্ধার করা হয়। সেই সময় ঘটনাস্থলে স্থানীয় বিজেপির চার নেতা উপস্থিত ছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও কোন চার নেতাকে শোকজ় করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয় এবং বিজেপির তরফেও এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। প্রাক্তন বিধায়ক বিকাশ রায় চৌধুরী অবশ্য জানিয়েছেন, তাঁর বাড়িতে কিছু ত্রাণসামগ্রী পড়ে থাকার কথা তিনি নিজেই জেলাশাসককে চিঠি দিয়ে জানিয়েছিলেন। দ্রুত সেগুলি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধও করেছিলেন। এর পরেই তাঁর ভাড়াবাড়ির তালা ভেঙে ত্রাণসামগ্রী লুটের চেষ্টা হয় বলে অভিযোগ।

সিউড়ি শহর বিজেপির সভাপতি সুনয়ন ভান্ডারি এই প্রসঙ্গে বলেন, “বিজেপি একটি সুশৃঙ্খল দল। আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত। দীর্ঘ লড়াইয়ের পরে আমরা রাজ্যে ক্ষমতায় এসেছি। আমরা এমন কোনও কাজ করব না, যাতে সাধারণ মানুষের চোখে খারাপ হয়ে যাই। বিজেপির চার নেতার বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ উঠেছে। তাই শোকজ় করা হয়েছে। তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দল থেকে বহিষ্কারও করা হতে পারে।” এই ঘটনায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।