বীরভূমে বিপুল টাকা ও সোনা উদ্ধার, পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বীরভূমে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ডেরা থেকে সাড়ে ৫ কোটি টাকা ও ১৫ কেজি সোনা উদ্ধার। পুলিশের প্রশংসায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা।

Share:

ব্যুরো নিউজ, ২৯ জুলাই ২০২৬ : ফের শিরোনামে বীরভূম জেলা। বেআইনি পাথর ও বালি কারবারে যুক্ত এক ব্যবসায়ীর ডেরা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধার করল পুলিশ। মহম্মদ বাজার থানা এলাকায় টুলু মণ্ডল ওরফে মহম্মদ নজিবুদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা এবং ১৫ কেজি সোনা বাজেয়াপ্ত করা হয়েছে। ভোররাত থেকে শুরু হওয়া এই অভিযানে টাকার পাহাড় দেখে হতবাক তদন্তকারীরা। দীর্ঘক্ষণ ধরে মেশিন দিয়ে টাকা গোনার কাজ চলে। এই ঘটনায় রাজ্যজুড়ে শোরগোল পড়েছে।

এই সফল অভিযানের জন্য বীরভূম পুলিশকে ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “বালি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ প্রশংসনীয়।” মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, অবৈধ মাফিয়া টুলু মণ্ডলের ডেরায় এই বড়সড় তল্লাশি অভিযান চালানো হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, দুর্নীতিতে জড়িত কাউকে রেয়াত করা হবে না। উল্লেখ্য, গতকালই (মঙ্গলবার) ভবানী ভবন থেকে মুখ্যমন্ত্রী নিজে দুর্নীতির অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করেছিলেন। সেই হেল্পলাইন চালুর ২৪ ঘণ্টার মধ্যেই বীরভূমে এই বিপুল পরিমাণ বেআইনি টাকা ও সোনা উদ্ধার হল, যা সরকারের দুর্নীতি দমনের সদিচ্ছাকেই তুলে ধরছে।