ব্যুরো নিউজ, ১৯ই মে, ২০২৬: হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুরে একটি ব্যক্তিগত সংগ্রহশালা দেখতে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্তের মানুষ। তপন সেন নামে এক ব্যক্তির বাড়িতে গড়ে ওঠা এই ‘বীরশিবপুর লোকশিল্প মিউজিয়াম’ এখন এলাকার অন্যতম আকর্ষণ। পাল যুগের মূর্তি, প্রাচীন মুদ্রা, মুখোশ, পুতুল, বাদ্যযন্ত্র, পুরনো কাঠের ব্লক, এমনকি হারিয়ে যাওয়া টাকাও স্থান পেয়েছে এই সংগ্রহশালায়।
জানা গিয়েছে , তপনবাবু পেশায় লাইব্রেরিয়ান ছিলেন। তাঁর মামা ইন্ডিয়ান মিউজিয়ামের আর্কিওলজি বিভাগের কিউরেটর হওয়ায় ছোট থেকেই প্রাচীন জিনিসপত্রের প্রতি তাঁর আগ্রহ ছিল। দেশ-বিদেশে ভ্রমণের নেশা ছিল তাঁর। সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে দুর্মূল্য সামগ্রী সংগ্রহ করে আনতেন তিনি। সেই সব সামগ্রী দিয়েই নিজের দোতলা বাড়ির উপরের অংশে গড়ে তুলেছেন এই অনন্য সংগ্রহশালা। প্রায় ৫০ রকমের প্রাচীন সামগ্রী দিয়ে সাজানো এই মিউজিয়ামটি।
গত কয়েক বছর ধরে তপন সেন ১৮ মে বিশ্ব মিউজিয়াম দিবস পালন করেন। এই বছরও ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বহু অতিথি উপস্থিত ছিলেন। অতিথিদের তিনি নিজেই সংগ্রহশালার নিদর্শনগুলি ঘুরিয়ে দেখান এবং সেগুলির সম্পর্কে বিস্তারিত তথ্য দেন। স্কুল-কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই এই সংগ্রহশালা দেখতে আসেন এবং অনেক অজানা তথ্য জেনে খুশি হন। তপনবাবুর এই উদ্যোগ স্থানীয় সংস্কৃতি ও ইতিহাসের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে সাহায্য করছে।








