ক্যানিং পূর্বে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে! প্রার্থী ও জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ক্যানিং পূর্বে বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। প্রার্থী অসীম সাপুই ও জেলা সভাপতি উৎপল নস্করের বিরুদ্ধে আর্থিক লেনদেন ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে।

Share:

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর ২০২৬: দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং পূর্ব এবং জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। দলেরই একাংশের নেতা-নেত্রীরা সাংবাদিক সম্মেলন করে ২০২৬ সালের ক্যানিং পূর্বের বিজেপি প্রার্থী অসীম সাপুই এবং জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উৎপল নস্করের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ এনেছেন।

অভিযোগকারীরা দাবি করেছেন যে, ক্যানিং পূর্বে তৃণমূল থেকে আসা কিছু ব্যক্তিকে অর্থের বিনিময়ে বিজেপিতে যোগদান করানো হচ্ছে। শুধু তাই নয়, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের বিজেপি প্রার্থী অসীম সাপুই তাঁর নির্বাচনী হলফনামায় যে শিক্ষাগত যোগ্যতার তথ্য দিয়েছিলেন, তার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

অসীম সাপুইয়ের পাশাপাশি জয়নগর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি উৎপল নস্করও অভিযোগকারীদের নিশানায় রয়েছেন। তাঁদের অভিযোগ, দলের অভ্যন্তরে এই ধরনের আর্থিক লেনদেন এবং ভাগ-বাঁটোয়ারার বিষয়টি জেলা সভাপতির অজানা নয়, বরং তিনি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। বিজেপির ওই অসন্তুষ্ট নেতা-নেত্রীরা আরও জানান, দলের অভ্যন্তরে এই বিষয়গুলি নিয়ে জেলা সভাপতিকে একাধিকবার জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাঁরা সাংবাদিক সম্মেলন করে মুখ খুলতে বাধ্য হয়েছেন এবং সঠিক তদন্তের দাবি করেছেন। এই প্রকাশ্য গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় বিজেপির অন্দরে অস্বস্তি বাড়ছে।