ব্যুরো নিউজ, ১৭ জুন ২০২৬ঃ কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যজুড়ে হকার উচ্ছেদ অভিযানে আপাতত স্থগিতাদেশ জারি হয়েছে। বালিগঞ্জ, যাদবপুর, বারুইপুর, বনগাঁ, ডানকুনি, বামনগাছি, গুমা, দুর্গাপুর, মথুরাপুর সহ একাধিক এলাকায় রেলের জারি করা উচ্ছেদ নোটিস জুলাই মাস পর্যন্ত কার্যকর করা যাবে না। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য ২৫টি মামলার শুনানি শেষে এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সব মামলার পরিস্থিতি এক নয়।
কোথাও বহু বছরের বাজার, কোথাও দোকান, আবার কোথাও মানুষের বসতি। তাই এক ছাঁচে সব সমস্যার সমাধান সম্ভব নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে জমির মালিকানা নিয়ে। রেলের দাবি করা জমি আদৌ তাদের কিনা, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে রিপোর্ট জমা দিতে হবে রেল কর্তৃপক্ষকে। শুধু মানচিত্র দেখিয়ে দায় সারা যাবে না। শুনানিতে পুনর্বাসনের প্রশ্নটিও সামনে আসে। আদালত জানতে চায়, যাঁদের একসময় রেল নিজেই বসার অনুমতি দিয়েছিল, তাঁদের উচ্ছেদ করা হলে বিকল্প ব্যবস্থা কী হবে?
আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য হকারদের মৌলিক অধিকারের পক্ষে সওয়াল করেন। আদালত একদিকে যেমন জীবিকার অধিকারের কথা বলেছে, তেমনই সরকারি সম্পত্তি রক্ষার গুরুত্বও তুলে ধরেছে। বারুইপুরের লাইসেন্সধারী হকারদের ভবিষ্যৎ নিয়েও রেলকে পরিকল্পনা জানাতে নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশে হাজার হাজার হকার পরিবার সাময়িক স্বস্তি পেয়েছে। আগামী শুনানিতে পুনর্বাসনের পথ খুলবে কিনা, সেদিকেই তাকিয়ে সকলে।








