ব্যুরো নিউজ, ১৭ নভেম্বর ২০২৬: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এক চাঞ্চল্যকর ঘটনায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন এক সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই)। থানার ঢিল ছোঁড়া দূরত্বে প্রকাশ্য রাস্তায় এই ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে।
অ্যান্টি করাপশন ব্রাঞ্চের (ACB) আধিকারিকরা মোহন সামন্ত নামের ওই এএসআইকে গ্রেফতার করেছেন। এই ঘটনায় গোটা চন্দ্রকোনা থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগকারী বিশ্বজিৎ ভুঁইয়ার দাবি, আদালতের একটি মামলায় সিডি জমা দেওয়ার কথা থাকলেও এএসআই মোহন সামন্ত তা করেননি। উল্টে তিনি বারবার টাকা দাবি করছিলেন। বাধ্য হয়ে বিশ্বজিৎবাবু অ্যান্টি করাপশন ব্রাঞ্চের দ্বারস্থ হন। এরপরই ফাঁদ পাতে ACB। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে টাকা নিতে আসতেই দশজনের একটি দল তাঁকে হাতেনাতে ধরে ফেলে। সূত্রের খবর, ধৃত এএসআইয়ের কাছ থেকে ঘুষের টাকা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তদন্তকারীরা খতিয়ে দেখছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা এবং সিডি জমা না দেওয়ার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সাধারণ মানুষের অভিযোগ, থানায় গেলে অনেক সময়ই ছোটখাটো কাজের জন্য টাকা দিতে হয়। এই ঘটনা সেই অভিযোগকেই আরও জোরালো করল। পুলিশের সততা এবং স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই গ্রেফতারি পুলিশের ভাবমূর্তির উপর বড়সড় আঘাত হেনেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।









