ব্যুরো নিউজ, ২০ মে ২০২৬ঃ শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। এবার এই মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। উত্তর প্রদেশের বারাণসী থেকে বিনয় রাই নামে ওই ব্যক্তিকে পাকড়াও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ট্রানজিট রিমান্ডে বিনয় রাই নামের ব্যক্তিকে কলকাতায় আনা হচ্ছে এবং বুধবার বারাসত আদালতে পেশ করা হতে পারে বলে জানা গিয়েছে। বিনয় রাইয়ের বাড়ি উত্তর প্রদেশের গাজিপুরে। বছর চল্লিশের ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই বারাণসীতে থাকতেন।
তদন্তকারী সূত্রে খবর ওই এলাকায় সম্পত্তি কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। বারাণসীর এক পুলিশ আধিকারিক সূত্রে খবর, ‘বারাণসীর এক স্থানীয় আদালতে বিনয় রাইকে তুলে ২ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়েছে সিবিআই।’ তদন্তকারীদের দাবি, চন্দ্রনাথ রথ খুনে বিনয়ের যোগ থাকার প্রমাণ মিলেছে। সেই সূত্র ধরেই তাঁর খোঁজ শুরু হয়। শেষ পর্যন্ত বারাণসীর রিজার্ভ পুলিশ লাইন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অপরাধ দুনিয়ায় নতুন নয় বিনয় রাই। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, খুন, খুনের চেষ্টার মতো মামলাতেও তাঁর নাম জড়িয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতায় আনা হচ্ছে। সিবিআই মনে করছে তাকে জেরা করলে চন্দ্রনাথ খুন কাণ্ডের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে।








