মালদার ডাহুয়া গ্রামে প্রথমবার দুর্গাপূজা: তিন কিলোমিটার পথ পেরোনোর দিন শেষ, খুশির আমেজ

মালদার ডাহুয়া গ্রামে প্রথমবার দুর্গাপূজা। তিন কিলোমিটার পথ পেরোনোর দিন শেষ, গ্রামবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু উৎসবের প্রস্তুতি।

Share:

ব্যুরো নিউজ, ৩০ সেপ্টেম্বর ২০২৬: দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে নিজেদের গ্রামেই দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি শুরু হল মালদার হরিশ্চন্দ্রপুর–২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ডাহুয়া গ্রামে। এতদিন দুর্গাপূজা এলেই তিন কিলোমিটার পথ পেরিয়ে পাশের গ্রামে যেতে হত ডাহুয়ার বাসিন্দাদের। ছোট শিশু থেকে বয়স্ক মানুষ, সবাইকে এই দীর্ঘ পথ পাড়ি দিতে হত পুজোর আনন্দ উপভোগ করতে। কিন্তু এবার সেই ছবিটা বদলাতে চলেছে। প্রথমবারের জন্য ডাহুয়া গ্রামেই আয়োজিত হচ্ছে সার্বজনীন দুর্গাপূজা।

মঙ্গলবার দুপুরে ডাহুয়া সার্বজনীন দুর্গাপূজোর খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। এই খুঁটি পুজোকে ঘিরে সকাল থেকেই গোটা গ্রামে উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। গ্রামের ছোট থেকে বড়, সকলের মধ্যেই দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। স্থানীয়রা জানান, নিজেদের গ্রামেই মায়ের আগমন ঘিরে তাঁরা অত্যন্ত আনন্দিত। গ্রামবাসীদের দান করা অর্থেই এই প্রথম বছরের পুজো সম্পন্ন হচ্ছে। উদ্যোক্তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রথম বছরের আয়োজনে প্রায় দুই লক্ষ টাকা খরচ হবে। তবে এখানেই থেমে থাকতে চান না তাঁরা। আগামী দিনে আরও বড় পরিসরে, থিমের মাধ্যমে পুজো করার পরিকল্পনাও রয়েছে। প্রথমবার গ্রামে মায়ের আগমন ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এখন শুধু অপেক্ষা—কবে মণ্ডপে প্রতিমা উঠবে, বাজবে ঢাক আর নিজেদের গ্রামেই শুরু হবে পুজোর মহোৎসব। ডাহুয়ার আকাশে-বাতাসে এখন দুর্গাপূজোর কাউন্ট ডাউন।