ব্যুরো নিউজ, ২ নভেম্বর ২০২৬: সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল ডানকুনি স্টেশনে। পুলিশকে দেখেই পালানোর চেষ্টা করার সময় তিন মহিলাকে আটক করে রেল পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে।
পুলিশি জেরায় জানা যায়, এই মহিলারা নিউ জলপাইগুড়ি থেকে মাদক সংগ্রহ করে ডানকুনি ও তার আশেপাশে বিক্রির জন্য নিয়ে আসছিল। ঘটনা সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে রেল পুলিশ ডানকুনি স্টেশনের কাছে তল্লাশি শুরু করে। সেই সময় ভিড়ের মধ্যে পিঠব্যাগ ও সাইড ব্যাগ নিয়ে তিন মহিলাকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পুলিশ তাদের আটক করলে তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায়। চারটি ব্যাগে মোট ৩৮ কেজি গাঁজা উদ্ধার হয়। ৩২টি প্যাকেটে ব্রাউন টেপ দিয়ে সেগুলি মোড়ানো ছিল।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃতদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিল, যারা ভিড়ের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বর্তমানে পুলিশ ওই তিন মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে। কাদের কাছে এই মাদক বিক্রি করার কথা ছিল এবং এই মাদক পাচার চক্রের সাথে আর কে কে জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, পলাতক সহযোগীদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।








