ব্যুরো নিউজ, ৫ জুন ২০২৬ঃ রাজ্যে পালাবদলের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে শুরু হয়েছে গুরুতর তদন্ত। ক্লাবের গঠন, আর্থিক লেনদেন এবং বিধাননগরের একটি মাঠ অবৈধভাবে দখল করে রাখার মতো একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে এই ফুটবল ক্লাবের বিরুদ্ধে। শুক্রবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন।
নিশীথ প্রামাণিক জানান, সরকারের কাছে ডায়মন্ড হারবার এফসি-র বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। ক্লাবের প্রতিষ্ঠা সঠিক নিয়ম মেনে হয়েছিল কিনা, ক্লাব চালানোর জন্য অর্থ কোথা থেকে আসে এবং সেই অর্থ কীভাবে খরচ করা হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্রীড়ামন্ত্রী আরও বলেন, তদন্তের প্রয়োজনে ক্লাবের স্পনসরদেরও তলব করা হতে পারে, যাতে টাকার উৎস এবং জোগান সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়।
সবচেয়ে উল্লেখযোগ্য অভিযোগগুলির মধ্যে একটি হল, ডায়মন্ড হারবার এফসি যে মাঠে অনুশীলন করত, বিধাননগর স্পোর্টস কমপ্লেক্সের সেই মাঠ জোর করে দখল করে রাখা হয়েছিল। নিশীথ প্রামাণিক নিশ্চিত করেছেন যে, মাঠটি ইতিমধ্যেই ‘দখলমুক্ত’ করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং দ্রুত সবকিছু প্রকাশ্যে আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। ক্রীড়া দফতর এই তদন্ত শুরু করেছে এবং নিয়মিত আইএফএ-এর সঙ্গে আলোচনা চলছে।
নিশীথের দাবি, ডায়মন্ড হারবারের কিছু ফুটবলার সরকারি চাকরিও করছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সরকার সব ক্লাবের উন্নতি চাইলেও, অনৈতিক কোনও কাজ বরদাস্ত করা হবে না। এই অভিযোগগুলির প্রেক্ষিতে ডায়মন্ড হারবার এফসি-র তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।








