ব্যুরো নিউজ, ১৬ জুন ২০২৬ঃ রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সৌজন্যের বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ এবং প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। সদ্য তৃণমূল ছেড়েছেন সবংয়ের প্রাক্তন বিধায়ক ও দীর্ঘদিনের রাজনীতিবিদ মানস ভুঁইয়া। এরপরই দিলীপ ঘোষ মন্তব্য করেন, তিনি মানস ভুঁইয়াকে ‘দাদার মতো’ দেখেন। সোমবার খড়গপুর শহরের উপকণ্ঠে একটি কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপ ঘোষ জানান, মানস ভুঁইয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ভালো। রাজনীতিতে সিনিয়র হওয়ায় তিনি তাঁকে দাদার মতোই সম্মান করেন।
পালটা দিলীপের সরল ও স্পষ্টভাষী স্বভাবের প্রশংসা করেছেন মানসবাবুও। তবে কি এবার বিজেপিতে আসছেন মানসবাবু? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী দিলীপ ঘোষের স্পষ্ট জবাব, দলের রাজ্য সভাপতি ইতিমধ্যেই দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। নতুন করে কাউকে নেওয়ার প্রয়োজন নেই। কারণ জনাদেশ বিজেপির সঙ্গে রয়েছে এবং জনগণ তাঁদের বিপুল সমর্থন দিয়েছে বলেও তিনি দাবি করেন। ছাব্বিশের ভোটে তৃণমূল ধরাশায়ী হওয়ার পর দীর্ঘদিনের নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইঞা তৃণমূলের সদস্যপদ ছাড়ার ঘোষণা করেন।








