ব্যুরো নিউজ, ১৪ নভেম্বর ২০২৬ : দুর্গাপুরে ফের খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পুজোর আগে সতর্ক করা হলেও অসাধু ব্যবসায়ীরা যে বিন্দুমাত্র কর্ণপাত করেনি, তার প্রমাণ মিলল গোপালমাঠ বাজারে। বিরিয়ানির দোকানে বাসি মশলা, পচা পেঁয়াজ ও আলু ব্যবহারের পাশাপাশি একাধিকবার ব্যবহৃত তেল দিয়ে রান্না করার অভিযোগ উঠেছে। মুদিখানার দোকানেও উদ্ধার হয়েছে মেয়াদ উত্তীর্ণ সস ও কাসুন্দি, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক।
পুজোর ঠিক আগে এই গোপালমাঠ বাজারেই অভিযান চালিয়েছিল খাদ্য সুরক্ষা দফতর। সে সময় একাধিক মিষ্টি ও বিরিয়ানির দোকানে পচা খাবার এবং রান্নাঘরে বিষাক্ত পোকামাকড়ের উপস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু সেই অভিযানের পরেও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। পুরনো ছবিই যেন আবার ফিরে এসেছে, যা সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে।
খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিক শুভম ঘোষ জানিয়েছেন, তাঁদের ধারাবাহিক অভিযান চলছে এবং যারা মেয়াদ উত্তীর্ণ বা রং মেশানো খাবার বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। অভিযানের সময় বিরিয়ানির দোকানে আধিকারিকদের বলতে শোনা যায়, “ফ্রিজ পরিষ্কার করেন না? এগুলো কী রং? আলু বাইরে কেন? বিরিয়ানিতে কী মেশাও? এই তেল চলবে না।” জনস্বাস্থ্যের সুরক্ষায় এই অভিযান আরও জোরদার করা হবে বলে দফতর সূত্রে খবর।









