শিল্পপতির বাড়িতে ইডির হানা, ভোর রাতে তল্লাশি ঘিরে চাঞ্চল্য

বরাকরের হনুমান চড়াইয়ে শিল্পপতির বাড়িতে ইডির হানা। অবৈধ কয়লা পাচার ও আর্থিক দুর্নীতির অভিযোগে তল্লাশি। চাঞ্চল্য এলাকায়।

Share:

ব্যুরো নিউজ, ৩০ অক্টোবর ২০২৬: পশ্চিম বর্ধমানের বরাকরের হনুমান চড়াই স্থিত জয় শ্রী গ্রুপের মালিক সোনু আগরওয়ালের ভাই অনিল আগরওয়ালের বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শুক্রবার ভোর ছ’টা নাগাদ পাঁচটি গাড়িতে করে ইডির আধিকারিকদের একটি দল অভিযুক্তের বাড়িতে পৌঁছায় এবং প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালায়।

সূত্রের খবর, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সহ একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগে এই তল্লাশি চালানো হয়েছে। অবৈধ কয়লা পাচার সংক্রান্ত মামলায় সোনু আগরওয়াল এবং লালা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে আদালতে মামলা চলছে। সেই সূত্র ধরেই ইডির তদন্তকারী দল অনিল আগরওয়ালের বাড়িতে হানা দেয় বলে জানা গেছে। তল্লাশি চলাকালীন বাড়ির আশেপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল। বাড়ির ভেতরে কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হয়নি। তদন্তকারী দলে মহিলা আধিকারিক এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরাও উপস্থিত ছিলেন। প্রায় বেলা এগারোটা পর্যন্ত তল্লাশি চলার পর ইডির আধিকারিকরা বেরিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, পাঁচটি গাড়ি এলেও প্রায় এক ঘণ্টা পর দু’টি গাড়ি চলে যায়। বাকি তিনটি গাড়ি দীর্ঘক্ষণ বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। ইডির এই আকস্মিক হানায় শিল্পপতি পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার তদন্ত যত এগোবে, ততই নতুন তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে। এই ঘটনায় এলাকায জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।