ব্যুরো নিউজ, ১৩ জুন ২০২৬ : পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় মোট আটটি জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযানের মূল লক্ষ্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানা।
ইডি সূত্রে খবর, বিধায়কের ভবানীপুর, কালীঘাট, জোকা এবং দক্ষিণেশ্বরের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। এছাড়াও বেলেঘাটা, সন্তোষপুরের একটি ক্লাব এবং বেহালার একটি ঠিকানাতেও হানা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, পুরনিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে। শনিবার ভোর ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডির দল মদন মিত্রের ভবানীপুরের ফ্ল্যাটে পৌঁছয়। বর্তমানে সেখানেই পরিবারের সঙ্গে রয়েছেন বিধায়ক। ফ্ল্যাটটি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন এবং মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।
এই তল্লাশি অভিযানের ফলে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগে একাধিকবার বিভিন্ন দুর্নীতি মামলায় মদন মিত্রের নাম উঠে এলেও, তাঁর বাড়িতে সরাসরি ইডির হানা এই প্রথম। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই পদক্ষেপ রাজ্যের শাসক দলের উপর চাপ আরও বাড়াবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আগামী দিনে এই তদন্তের গতিপ্রকৃতি কী হয়, সেদিকেই নজর রাখছে সকলে।








