ব্যুরো নিউজ, ১৮ সেপ্টেম্বর ২০২৬: আলিপুরদুয়ারে সোশ্যাল মিডিয়ায় সরকারি আধিকারিকের ভুয়ো প্রোফাইল খুলে বন্ধুদের কাছে টাকা হাতানোর অভিযোগ, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের।
আলিপুরদুয়ারের বাসিন্দা এক সরকারি আধিকারিক মিতা নস্করের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে তার বন্ধুদের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ উঠল। ওই ভুয়ো অ্যাকাউন্ট থেকে ৭৫ হাজার টাকা চাওয়া হলেও ইতিমধ্যে ৩৬ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। মিতা নস্কর বলেন, “আমার নামে সোশ্যাল মিডিয়ায় একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করে আমার বন্ধুদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। ইতিমধ্যে আমারই এক বন্ধুর কাছ থেকে ৩৬ হাজার টাকা তোলা হয়েছে। সেই বন্ধু পরে আমার সঙ্গে যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে।” ঘটনার পর আলিপুরদুয়ার সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রতারিত ওই বন্ধু কলকাতার সোনারপুরের বাসিন্দা হওয়ায় সেখানকার সংশ্লিষ্ট সাইবার থানাতেও অভিযোগ জানানো হবে বলে জানান তিনি।
আলিপুরদুয়ার সাইবার থানার আধিকারিক বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।








