ব্যুরো নিউজ, ১৬ নভেম্বর ২০২৬: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের অজবনগর গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর এলাকার ঢেঁকের ঘাটে কেঠিয়া নদীর উপর গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে তৈরি করলেন একটি বাঁশের সাঁকো। বছরের পর বছর ধরে কংক্রিটের সেতুর প্রতিশ্রুতি মিললেও তা অধরাই রয়ে গেছে।
এবার সেই বাঁশের সাঁকোরই ফিতে কেটে উদ্বোধন করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। এই ঘটনা আবারও এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার চিত্র তুলে ধরল। রাধাকান্তপুর, ঢেঁকের ঘাট, হরিদাসপুর, গোপাল নগর-সহ একাধিক গ্রামের হাজার হাজার মানুষ এই সাঁকোর উপর নির্ভরশীল। স্কুল-কলেজ থেকে শুরু করে ঘাটাল শহরে যোগাযোগের একমাত্র মাধ্যম এটি। বর্ষার পর নদীর জল কমলেই প্রতি বছর গ্রামবাসীরা নিজেরাই চাঁদা তুলে ও শ্রম দিয়ে এই বাঁশের সাঁকো তৈরি করেন। বাম আমল থেকে তৃণমূল, সব সরকারই শুধু প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কংক্রিটের সেতু আজও হয়নি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, কংক্রিটের সেতু না থাকায় প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হয়। অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া, ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া, চাষের ফসল বাজারে নিয়ে যাওয়া— সব ক্ষেত্রেই সমস্যা। বর্ষার সময় নদীতে জল বাড়লে সাঁকো ভেসে যায়, তখন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে একাধিক গ্রাম। বিধায়ক শীতল কপাট গ্রামবাসীদের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত কংক্রিটের সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি অভিযোগ করেন, তৃণমূলের আমলেও এই সাঁকো নিয়ে দুর্নীতি হয়েছে। কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকায় এবার কাজ হবে বলে তিনি আশাবাদী। গ্রামবাসীরাও নতুন সরকারের কাছে তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণের আশায় বুক বেঁধেছেন।









