সুন্দরবনের গোবর্ধনপুর হাসপাতালে মন্ত্রীর আচমকা হানা, বেহাল পরিকাঠামোর ছবি প্রকাশ্যে

সুন্দরবনের গোবর্ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মন্ত্রীর আচমকা পরিদর্শনে উঠে এল বেহাল পরিকাঠামোর ছবি। রোগী ভর্তি ও পরিষেবা নিয়ে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ।

Share:

সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ জি-প্লটের গোবর্ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আচমকাই হাজির হলেন সুন্দরবন বিষয়ক উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে গভীর রাতে তাঁর এই আকস্মিক পরিদর্শন ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরিদর্শনে উঠে আসে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো সংক্রান্ত একাধিক সমস্যা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ভর্তি রেখে চিকিৎসা করা হয় না। প্রাথমিক চিকিৎসার পরই তাঁদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এমনকি ভর্তি থাকা রোগীদের খাবার না দেওয়া এবং গর্ভবতী মহিলাদেরও অন্যত্র স্থানান্তরিত করার অভিযোগ উঠেছে। এই অভিযোগগুলি শোনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে প্রথমে গোবর্ধনপুর কোস্টাল থানার ওসি এবং এলাকার মণ্ডল সভাপতি প্রদীপ দাসকে নির্দেশ দেন মন্ত্রী। পরে নিজেই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যান তিনি।

পরিদর্শনের সময় প্রথমে একজন নার্সকে উপস্থিত থাকতে দেখা গেলেও কোনও রোগী বা চিকিৎসকের দেখা মেলেনি বলে জানা গিয়েছে। পরে চিকিৎসক উপস্থিত হলে তাঁকে সঙ্গে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। সেখানেই সামনে আসে পরিকাঠামোর বেহাল চিত্র। কয়েক মাস আগে সংস্কার হওয়া গর্ভবতী মায়েদের ওয়ার্ডের ছাদের প্লাস্টার খসে পড়ছে। পাশাপাশি, প্রসবের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, পর্যাপ্ত নার্স এবং স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে বলেও জানা যায়।

চিকিৎসকের বক্তব্য অনুযায়ী, প্রয়োজনীয় পরিকাঠামো ও কর্মীর অভাবের কারণেই গর্ভবতী মহিলাদের অন্য হাসপাতালে পাঠাতে হয়। বিষয়টি জানার পর হাসপাতালের সমস্ত সমস্যা এবং প্রয়োজনীয় পরিকাঠামোর বিস্তারিত বিবরণ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন দীপঙ্কর জানা।

পাশাপাশি, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে দ্রুত স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এখন মন্ত্রীর আশ্বাসের পর কত দ্রুত সমস্যার সমাধান হয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন গোবর্ধনপুর-সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা।