সরকারি কর্মীদের কাজে নজরদারি আরও কড়া? মুখ্যসচিবের নতুন নির্দেশ ঘিরে চর্চা

সরকারি কাজে গাফিলতি করলে এবার কড়া শাস্তির মুখে পড়তে হবে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের নতুন নির্দেশিকায় আধিকারিকদের সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

ব্যুরো নিউজ, ১২ নভেম্বর ২০২৬: সরকারি কাজে আর কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। এবার থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করলে সরাসরি শো-কজের মুখে পড়তে হবে সরকারি আধিকারিকদের। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল এই বিষয়ে একটি কড়া নির্দেশিকা জারি করেছেন। সরকারি দফতরে কাজের গতি বাড়ানো এবং সাধারণ মানুষের হয়রানি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন সরকারি দফতরে সার্টিফিকেট, অনুমোদন, লাইসেন্স বা অন্য কোনও অনুমোদনের জন্য জমা পড়া আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যেই নিষ্পত্তি করতে হবে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন, ২০১৩ অনুযায়ী, প্রতিটি পরিষেবার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে। সেই সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি না হলে তা স্বয়ংক্রিয়ভাবে মঞ্জুর হয়ে যায়। এটি আবেদনকারীর জন্য সুবিধাজনক হলেও, সংশ্লিষ্ট আধিকারিকের গাফিলতিকেই প্রকাশ করে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, কোনও আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে, সংশ্লিষ্ট দফতরের প্রধানকে দায়ী আধিকারিকের বিরুদ্ধে শো-কজ নোটিশ জারি করতে হবে।

কেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদনটি নিষ্পত্তি করা সম্ভব হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে ওই আধিকারিককে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এই জবাব দাখিল করতে হবে। যদি সেই জবাব সন্তোষজনক না হয়, তবে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে সার্ভিস রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, কাজে দেরির কারণ দর্শানোর পাশাপাশি প্রয়োজনে বিভাগীয় পদক্ষেপের মুখেও পড়তে পারেন সরকারি কর্মীরা। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।