সরকারি স্কুলে লাইব্রেরি ও রিডিং কর্নার, মোবাইল ছেড়ে বইমুখী হবে পড়ুয়ারা

মোবাইল ছেড়ে পড়ুয়াদের বইমুখী করতে সরকারি স্কুলগুলিতে লাইব্রেরি ও রিডিং কর্নার তৈরির নির্দেশ দিল রাজ্য সরকার। জানুন বিস্তারিত।

Share:

ব্যুরো নিউজ, ৩ আগস্ট ২০২৬ঃ রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে এবার লাইব্রেরি ও রিডিং কর্নার তৈরির নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। মোবাইল আসক্তি থেকে পড়ুয়াদের বইমুখী করে তোলার লক্ষ্যেই রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ। সম্প্রতি জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব স্কুলে এখনও লাইব্রেরি নেই, সেখানে নতুন করে লাইব্রেরি গঠন করতে হবে। এছাড়া, যেসব বিদ্যালয়ে পর্যাপ্ত জায়গা ও পরিকাঠামো রয়েছে, সেখানে ক্লাসরুম বা বিদ্যালয় প্রাঙ্গণেই রিডিং কর্নার গড়ে তুলতে হবে।

নির্দেশিকা অনুযায়ী, এই লাইব্রেরি ও রিডিং কর্নারগুলিতে ছাত্রছাত্রীদের বয়স উপযোগী বিভিন্ন ধরনের বই রাখতে হবে। এর মধ্যে থাকবে শিশু সাহিত্য, গল্পের বই, দ্বিভাষিক বই, মানচিত্র, বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনী, বিজ্ঞান ও গণিত বিষয়ক বই। এছাড়াও বিশ্বকোষ, পরিবেশ এবং সংস্কৃতি বিষয়ক শিক্ষামূলক বই রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষানীতি ২০২০-এর নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে শিশুদের শব্দভাণ্ডার বৃদ্ধি, সৃজনশীলতার বিকাশ এবং ভাষার দক্ষতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

তবে, এই উদ্যোগের জন্য সরকারের তরফে কোনো পৃথক আর্থিক বরাদ্দের কথা জানানো হয়নি। স্কুলগুলিকে তাদের নিজস্ব গ্রান্ট, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তন পড়ুয়া এবং অভিভাবকদের কাছে সাহায্যের আবেদন জানাতে বলা হয়েছে। পাশাপাশি, বুক ডোনেশন ড্রাইভ এবং বিভিন্ন সংস্থার সহযোগিতা নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। প্রযুক্তির এই যুগে যখন ছাত্রছাত্রীরা ক্রমশ মোবাইলমুখী হচ্ছে, তখন তাদের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনতে এই পদক্ষেপ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।