ব্যুরো নিউজ, ৫ অক্টোবর ২০২৬: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া এলাকায় চিকিৎসার নামে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে।
১৫ বছরের এক নাবালিকাকে ঝাড়ফুঁকের আড়ালে যৌন হেনস্থার অভিযোগে আতাউর রহমান মোল্লা ৪২ বছর বয়সী এক ‘ওঝা’কে গ্রেফতার করেছে হাড়োয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অসুস্থ মেয়েকে চিকিৎসার জন্য তার মা স্থানীয় এক ওঝার কাছে নিয়ে গিয়েছিলেন। অভিযোগ, চিকিৎসার সময় অভিযুক্ত আতাউর রহমান মোল্লা ঝাড়ফুঁকের নামে নাবালিকার পোশাক খুলিয়ে তার গোপনাঙ্গ স্পর্শ করে। এমনকি, নাবালিকার গোপনাঙ্গে আঙুল প্রবেশ করানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।
ঘটনার পর নির্যাতিতা গোটা বিষয়টি তার মায়ের কাছে জানায়। এরপরই নাবালিকার মা হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্ত আতাউর রহমান মোল্লাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইন (POCSO Act) সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারের পর অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে হাড়োয়া থানার পুলিশ।
ঘটনার সত্যতা যাচাই এবং এর সঙ্গে জড়িত অন্যান্য দিক খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ধরনের অত্যন্ত নিন্দনীয় ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন এবং এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








