ব্যুরো নিউজ, ৮ জুন ২০২৬ঃ দেশের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়াকে এবার আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল উপহার দিতে চলেছে রেল মন্ত্রক। বিমানবন্দরগুলির আদলে তৈরি হবে এই অত্যাধুনিক টার্মিনাল, যেখানে যাত্রীরা পাবেন বিশ্বমানের পরিষেবা। উত্তর হাওড়ার বিধায়ক ও রাজ্যের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাইয়ের প্রস্তাবকে সম্মতি জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই বৃহৎ প্রকল্পটি বাস্তবায়িত হবে।
জানা গেছে, হাওড়া রেলওয়ে স্টেশন চত্বরে গঙ্গার ঘাট থেকে দীঘা বাসস্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত হবে এই নতুন টার্মিনাল। যাত্রীদের সুবিধার জন্য স্টেশন থেকে সরাসরি চলন্ত সিঁড়ি ও স্কাইওয়াকের মাধ্যমে বাস ও ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছানোর ব্যবস্থা থাকবে। এর ফলে স্টেশনে আসা-যাওয়ার পথে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমবে। শুধুমাত্র টার্মিনাল নির্মাণই নয়, স্টেশন চত্বরের সার্বিক পরিচ্ছন্নতা ও সৌন্দর্যায়নের দিকেও বিশেষ নজর দেওয়া হবে। আবর্জনা মুক্ত করে ঝাঁ চকচকে করে তোলা হবে গোটা এলাকা। উমেশ রাই জানিয়েছেন, হাওড়ার উন্নয়নে রেল মন্ত্রক বরাবরই সচেষ্ট। তাঁর এই প্রস্তাবকে রেলমন্ত্রী স্বাগত জানিয়েছেন এবং দ্রুত কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার রাজ্যে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই বৈঠকেই রাজ্যের পরিকাঠামো উন্নয়নের একাধিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়, যেখানে উমেশ রাই হাওড়ার উন্নয়নের বিষয়টিও তুলে ধরেন। ইতিমধ্যেই হাওড়া স্টেশনে আন্ডারপাস ও রেলওভার ব্রিজ তৈরি হয়েছে। এই নতুন টার্মিনাল হাওড়ার পরিবহন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।







