হাওড়ার বেলগাছিয়ায় ১২০ ফুট গভীর জলাধারে তলিয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু

হাওড়ার বেলগাছিয়ার ১২০ ফুট গভীর জলাধারে পা পিছলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হল ১৫ বছরের কিশোর অভিষেক রাওয়ের। দীর্ঘ তল্লাশির পর মৃতদেহ উদ্ধার।

Share:

ব্যুরো নিউজ, ৩ জুন ২০২৬ঃ হাওড়ার বেলগাছিয়া ড্রেনেজ পাম্পিং স্টেশনের প্রায় ১২০ ফুট গভীর ভূগর্ভস্থ জলাধারে পা পিছলে তলিয়ে মৃত্যু হল এক ১৫ বছরের কিশোরের। বুধবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৃত কিশোরের নাম অভিষেক রাও।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অভিষেক তার ভাই বিশালের সঙ্গে বেলগাছিয়া ভাগাড়ের ভিতর পরিত্যক্ত অবস্থায় থাকা ওই পাম্পিং স্টেশনের এলাকা দিয়ে যাচ্ছিল। সেই সময় আচমকা পা পিছলে ১২০ ফুট গভীর জলাধারে তলিয়ে যায় অভিষেক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা। অভিষেককে উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি অভিযান শুরু হয়।

পাম্পের সাহায্যে জলাধারের জল ও পাঁক বার করার পাশাপাশি প্রায় ১০ জন ডুবুরিকে নামিয়ে তল্লাশি চালানো হয়। দীর্ঘ চেষ্টার পর অবশেষে বুধবার বিকেলে ওই কিশোরকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করে জানিয়েছেন, রাজ্য সরকারের বেলগাছিয়া ভাগাড়কে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই দুর্ঘটনা সেই পরিকল্পনার প্রয়োজনীয়তা আরও একবার সামনে আনল।